আমি কি ছালাত আদায় করি?
ছালাত ইসলামের দ্বিতীয় রুকন বা স্তম্ভ। পবিত্র কুরআনের প্রায় ৬৭টি স্থানে ছালাতের কথা বিভিন্নভাবে আলোচিত হয়েছে। পূর্ববতী নবী-রাসূলদের সকলেই ছালাত আদায় করতেন। এমনকি আমাদের নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)এর উপর ছালাত ফরয হওয়ার আগেও তিনি দু‘রাকাত করে সকাল-সন্ধা ছালাত আদায় করতেন। কিন্তু উম্মতের উপর আমল হিসেবে আল্লাহ্ তা‘আলা সর্ব প্রথম যে ইবাদত ফরয করেন তা হচ্ছে ছালাত। ইসলামের প্রথম বাণী কালেমায়ে তাইয়্যেবা ‘লা- ইলাহা ইল্লাল্লাহ্’
এর পর প্রথম আদেশ ছিল ছালাতের। ছিল না যাকাত, ছিয়াম, হজ্জ বা কোন কিছুই।
এ ছালাত জিবরীল (আ:)এর মারফত ওহীর মাধ্যমে যমীনে ফরয হয়নি; বরং তা সপ্তাকাশে আরশে আযীমে ফরয করা হয়েছে। আল্লাহ্ তা‘আলা তাঁর প্রিয় হাবীব শ্রেষ্ঠ নবী মুহাম্মাদ (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম)কে নিজের কাছে ডেকে নেন। হয় ঐতিহাসিক মে’রাজ। আল্লাহ্ এবং তাঁর রাসূলের মাঝে সরাসরি কথোপকথোন হয়। আল্লাহ্ তা‘আলা রাসূলকে পঞ্চাশ ওয়াক্ত ছালাত আদায় করার নির্দেশ দিয়ে প্রত্যার্পন করেন। কিন্তু ষষ্ঠাকাশে এসে মূসা (আ:)এর পরামর্শে তিনি ছালাতের সংখ্যা কমিয়ে দেয়ার জন্য আল্লাহ্র কাছে দরখাস্ত পেশ করেন। আল্লাহ্ তাঁর দরখাস্ত মুঞ্জর করে নির্ধারণ করেন পাঁচ ওয়াক্ত ছালাত। কিন্তু বলে দিলেন, এই পাঁচ ওয়াক্ত ছালাতে প্রদান করা হবে পঞ্চাশ ওয়াক্ত ছালাতের সমপরিমাণ ছওয়াব। (বুখারী ও মুসলিম থেকে সংক্ষেপে)
নবী করীম (ছাল্লাল্লাহু আলাইহে ওয়া সাল্লাম) এই ছালাতকে যথাযথভাবে সম্পাদন করলেন, তার তাগিদ দিলেন, ছাহাবীদের তথা উম্মতকে শিক্ষা দান করলেন কিভাবে ছালাত আদায় করতে হয়। অতঃপর যখন তিনি সুমহান বন্ধু আল্লাহ্র ডাকে সাড়া দিয়ে ইহধাম ত্যাগ করলেন তখন মূমুর্ষু অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করার আগে যে উপদেশ প্রদান করলেন তা ছিল, ছালাত… ছালাত..। (মুসনাদে আহমাদ) সুতরাং দেখা যায় একজন মুমিনের জীবনের প্রথম কাজ হচ্ছে ছালাত এবং শেষ কাজও হচ্ছে ছালাত।
ছালাত বিহীন ব্যক্তিকে মু‘মিন হিসেবে কল্পনাও করা যায় না। অথচ মুসলিম সমাজে আজ সবচেয়ে বেশী গাফলতী, অনীহা ও অলসতা দেখা দেয় শুধুমাত্র ছালাতের ক্ষেত্রেই। একদল মানুষ ছালাত আদায় না করেই নিজেদেরকে পূর্ণ ঈমানদার মনে করে। আবার কিছু লোক নিজের খেয়াল খুশি মত ছালাত আদায় করে থাকে। মনে চাইলে আদায় করল, মনে চাইলে করল না- কখনো তিন ওয়াক্ত বা কখনো চার ওয়াক্ত। আবার কিছু লোক পাঁচ ওয়াক্তই আদায় করে কিন্তু তাদের ছালাত দেখে বুঝা যায় না যে তারা কোন ইবাদত করছে না খেলাধুলা করছে।